প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মনির চৌধুরীর উদ্যোগে বাস্তবায়নের পথে নিমসার সাবরেজিস্ট্রি অফিস

নিজস্ব প্রতিবেদক

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সাবরেজিস্ট্রি অফিস (ক্যাম্প অফিস) স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

গত ৩০ অক্টোবর ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিমসার এলাকায় সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের বিষয়টি অনুমোদন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার গোমতী নদীর দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি সেবায় বঞ্চিত হয়ে আসছিলেন। বিশেষ করে রেজিস্ট্রি সংক্রান্ত কাজের জন্য উপজেলা সদরে যেতে হওয়ায় সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল নিমসারে একটি পৃথক সাবরেজিস্ট্রি অফিস স্থাপন।

‘ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি’র ব্যানারে স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন। পরবর্তীতে তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে গত ২ জানুয়ারি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করেন।

দীর্ঘ যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় অবশেষে নিমসারে সাবরেজিস্ট্রি অফিস স্থাপনের অনুমোদন প্রদান করে।

এই সিদ্ধান্তে গোমতীর দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে আনন্দের বন্যা। এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মনিরুল হক চৌধুরীর প্রতি।

ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম আহমেদ বলেন, “সাবরেজিস্ট্রি অফিস আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। মনিরুল হক চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এতে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে দূর হবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, “ওই উপজেলা আমার নির্বাচনী এলাকা নয়, কিন্তু মানুষ তাদের দাবি নিয়ে আমার কাছে এসেছে। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছি এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। অবশেষে অনুমোদন পাওয়া গেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। জনগণের কল্যাণে কাজ করতে পারলেই আমি তৃপ্তি পাই। ভবিষ্যতেও কুমিল্লা-৬ আসন তথা পুরো কুমিল্লার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

প্রিন্ট করুন