রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড়ে বিএনপির দুই নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামী নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাজারে কেনাকাটার সময় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিলুফা ইয়াসমিন, কাটাখালী থানার নলখোলার বাসিন্দা ও হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভানেত্রী, তার বোন নূরবানুকে সঙ্গে নিয়ে বাজারে গেলে জামায়াত নেতা নুরুল ইসলামের সঙ্গে নির্বাচনী বিষয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং পায়ের স্যান্ডেল খুলে নিলুফাকে মারধর করেন। এরপর তার বোন নূরবানুর ঘাড়ে ও পেটে লাথি মারেন।
ঘটনার পর রাতেই নূরবানু কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পবা উপজেলা বিএনপির সদস্যসচিব প্রফেসর আব্দুল রাজ্জাক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, জামায়াত নেতা নুরুল ইসলাম তাদের জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় তিনি দুই নারী নেত্রীকে গালিগালাজ ও শারীরিকভাবে নির্যাতন করেন।
নিলুফা ইয়াসমিন বলেন, “নুরুল প্রথমে স্যান্ডেল খুলে আমাকে মারতে শুরু করেন, এরপর আমার বোনকে ঘাড়ে আঘাত করেন। শেষ পর্যায়ে তিনি আমার বোনের পেটে লাথি মারেন।”
তারা অভিযুক্ত নুরুল ইসলামের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি :