প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফেনীতে ১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ফেনি প্রতিনিধি :

ফেনীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ফেনী সদর থানার গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটককৃত নারীর নাম জহুরা বেগম (৪২)। তিনি কক্সবাজারের কুতুপলং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্ল্যাহর মেয়ে। র‌্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বরিশালগামী বলেশ্বর পরিবহনের একটি বাসে যাত্রীবেশে মাদক পাচার করছিলেন জহুরা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে।

 

বাসটি পৌঁছালে সুপারভাইজার, স্টাফ ও যাত্রীদের সহায়তায় তল্লাশি চালিয়ে জহুরা বেগমকে আটক করা হয়। তার শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

 

র‌্যাব-৭-এর ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক নারী একজন পেশাদার মাদক কারবারি। তাকে অভিযুক্ত করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন