প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

আবুধাবিতে আইপিএল ২০২৬ নিলাম সঞ্জু স্যামসনকে পেতে চেন্নাইয়ের বড় চমক

অনলাইন ডেস্ক :

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এটি হবে টানা তৃতীয়বারের মতো দেশের বাইরে আইপিএল নিলাম। ২০২৪ সালে প্রথমবার দুবাইয়ে এবং ২০২৫ সালের জন্য জেদ্দায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের নিলাম। এবারের নিলাম হবে এক দিনের, ঠিক আগের মিনি নিলামগুলোর মতো।

 

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ মৌসুমের স্কোয়াড থেকে কোন খেলোয়াড়কে রাখা হবে আর কাকে ছাড়া হবে, সেই তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর ভারতীয় সময় বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে। এরপর নিবন্ধিত ক্রিকেটারদের একটি প্রাথমিক তালিকা পাঠানো হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে, যেখান থেকে তারা নিজেদের পছন্দের তালিকা তৈরি করবে। সেই তালিকা ছেঁটে আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত নিলাম পুল তৈরি করবে।

 

নিলামের আগে পর্যন্ত ‘ট্রেডিং উইন্ডো’ খোলা থাকবে এবং নিলাম শেষে আবার চালু হবে, যা চলবে ২০২৬ আইপিএলের শুরুর এক মাস আগপর্যন্ত। তবে এবারের নিলামে যেসব খেলোয়াড়কে কেনা হবে, তাদের ট্রেড করা যাবে না।

 

এদিকে, আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত ট্রেড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস থেকে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে। এর বিনিময়ে রাজস্থান পেয়েছে দুই অলরাউন্ডার—রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন।

 

অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স নগদ চুক্তিতে দলে নিয়েছে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর ও শেরফান রাদারফোর্ডকে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে শার্দূলকে ২ কোটি রুপিতে এবং গুজরাট টাইটানস থেকে রাদারফোর্ডকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে তারা। এছাড়া, মুম্বাই পেসার অর্জুন টেন্ডুলকারকে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

 

২০২৬ আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রিন্ট করুন