প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

আলাদা গণভোটের দাবি ৮ দলের প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে ক্ষু*ব্ধ জামায়াত

অনলাইন ডেস্ক :

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আন্দোলনরত ৮ দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার পরিবর্তন দাবি করেছে। তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে।

 

রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “প্রধান উপদেষ্টা জুলাই সনদের যে আদেশ দিয়েছেন, তা আমরা গ্রহণ করি। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী না হওয়ায় আমরা আপত্তি জানাচ্ছি।”

 

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে জটিলতা সৃষ্টি করছেন এমন অন্তত তিনজন উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং প্রশাসনে নিরপেক্ষ, সৎ ও জবাবদিহিমূলক ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

 

ডা. তাহের বলেন, “গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে, আর জাতীয় নির্বাচন সরকার গঠনের জন্য। দুটো একসঙ্গে হলে জনগণ বিভ্রান্ত হবে, ভোটার উপস্থিতি কমে যাবে, যা একটি দলের স্বার্থে যাবে।” তিনি আরও বলেন, “সরকার বিএনপির দাবিকে অগ্রাধিকার দিয়ে চারটি পয়েন্টে হ্যাঁ-না ভোটের ব্যবস্থা করেছে, যা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে।”

 

তিনি জানান, ১৬ তারিখে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বাদে সারাদেশে বিক্ষোভ চলছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলেপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।

 

ডা. তাহের বলেন, “আমরা ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই জাতীয় নির্বাচন চাই। কিন্তু প্রশাসনের দলীয়করণ ও উপদেষ্টাদের পক্ষপাতদুষ্ট আচরণে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।”

 

তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন, “আপনি নোবেল বিজয়ী, জাতির প্রত্যাশা ছিল আপনি অন্যায়ের কাছে মাথানত না করে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনার সিদ্ধান্তে জাতি হতাশ।”

প্রিন্ট করুন