প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সংস্কার ছাড়া নির্বাচন শহীদের রক্তের প্রতি বেঈমানী: জামায়াত নেতা তাহের

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল এখনো নির্বাচন ব্যবস্থার সংস্কার চায় না। তারা পুরোনো পদ্ধতিতেই ভোট আয়োজনের চেষ্টা করছে। অন্তবর্তী সরকারও সেই ফাঁদে পা দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার না হলে তা হবে শহীদের রক্তের প্রতি বেঈমানী।”

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চৌমুহনী বাজারের মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহের আরও বলেন, সরকার গণভোটের প্রতিশ্রুতি দিলেও তা জাতীয় নির্বাচনের সাথে একত্রে করার সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়। তিনি দাবি করেন, আলাদা গণভোট হলে সংস্কারের পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়বে—এ কারণেই একটি দল গণভোট পৃথকভাবে চায় না।

জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, আমেরিকার নিউইয়র্কের মুনা কনভেনশন সেন্টারের ন্যাশনাল প্রেসিডেন্ট ও বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে, মনির হোসাইন ও রবিউল হোসেন মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ভিপি শাহাব উদ্দিন, উপজেলা আমীর মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমীর মাওলানা ইব্রাহীম, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক আলা উদ্দিনসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সাবেক জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন