২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাপ্রধান, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব।
বৈঠকের শেষ পর্যায়ে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, “আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব। আওয়ামী লীগের প্রার্থীদের ২৯০ আসনে বিজয়ী করে আনতে পারব।” তিনি আরও জানান, মাঠপর্যায়ে পুলিশের সবচেয়ে বেশি ফোর্স মোতায়েন থাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘদিনের সম্পর্ক থাকায় ভোট ডাকাতি সহজ হবে।
জানা গেছে, প্রলয় কুমার জোয়ার্দারের তত্ত্বাবধানে পুলিশের একটি অ্যানালাইসিস টিম ইতোমধ্যে ভোট কেন্দ্রভিত্তিক কাস্টিং পরিকল্পনা তৈরি করে। এক পুলিশ কর্মকর্তা, যিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, নাম প্রকাশ না করে জানান, জাবেদ পাটোয়ারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বার্গেইন করে পুরো অপারেশনের দায়িত্ব নেন।
পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় ‘কপোতাক্ষ’ নামে একটি কক্ষে বসে তৈরি হয় দেশের ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম ও পরিকল্পিত ভোট ডাকাতির নীলনকশা। সেখানে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও প্রজেক্টর দিয়ে বিশ্লেষণ করা হয় ১৯৯১, ’৯৬, ’০১ ও ’০৮ সালের নির্বাচনের কেন্দ্রভিত্তিক ভোট প্যাটার্ন।
‘রাতের ভোট’খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারিগরদের নিয়ে আমার দেশ-এর অনুসন্ধানে উঠে এসেছে, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ওই কক্ষে বসে ভোট ডাকাতির ছক আঁকেন এএসপি থেকে ডিআইজি পর্যায়ের ৫৪ জন কর্মকর্তা। এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, তারা সবাই ‘কপোতাক্ষ’ বৈঠকের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
এর আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একটি গোপন প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ নির্বাচন করলে মাত্র ১৪ আসন পেতে পারে। ওই প্রতিবেদনকে ভিত্তি করেই ভোট ডাকাতির পরিকল্পনা নেয়া হয়। এরপর পুলিশ সদর দপ্তরে স্থাপন করা হয় একটি কন্ট্রোলরুম, যেখানে কাজ করেন ঢাকা সিটি এসবির ডিআইজি মোহাম্মাদ আলী মিয়া, এজেডএম নাফিউল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (পলিটিক্যাল), এবং আরও অনেকে।
‘টিম জাবেদ’ নামে পরিচিত একটি বিশ্বস্ত পুলিশ টিম এই অপারেশনে নেতৃত্ব দেয়। এই কোর টিমে ছিলেন এসবির ডিআইজি মাহবুব, সিটিটিসির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, এজেডএম নাফিউল ইসলাম, কাজী জিয়া উদ্দিন, মিজানুর রহমান, আনজুমান কালাম, মিলন মাহমুদ, মাহফুজুর রহমান আল-মামুন, মাসুদ আলম, মুনসুর আলম কাদেরী এবং কাজী মো. সালাহউদ্দিন।
এই অনুসন্ধান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার গভীর সংকট ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
সূত্র: আমারদেশ

অনলাইন ডেস্ক :