প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

 সাবেক মেয়র সুচীর অর্থায়নে নগরীতে  না’শকতার প্রস্তুতি, ৪৪ জন আটক

ডেস্ক রিপোর্ট

সাবেক মেয়র সুচীর অর্থায়নে নগরীতে  না’শকতার প্রস্তুতি, ৪৪ জন আটক

ভারতে পালিয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও ঝটিকা মিছিল করার অভিযোগে কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৪ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত টানা অভিযানে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে ঘিরে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে সাবেক এমপি আ ক ম বাহারের মেয়ে ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সুচীর অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ জড়ো হওয়ার সময় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে পুলিশ।

এছাড়া জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শহরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। তাৎক্ষণিক অভিযানে ২৯ জনকে মিছিলের প্রস্তুতিকালে আটক করা হয়েছে।”

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, “কুমিল্লায় কেউ নাশকতা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতরাত ও আজ ভোরে নাশকতার সময় মোট ৪৪ জনকে আটক করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন