কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে রাজনৈতিক অস্থিরতা আজ চরমে পৌঁছেছে। মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিনের প্রতি আনুগত্যশীল সাধারণ ভোটারদের তীব্র প্রতিরোধে গণসংযোগ পরিণত হয় বিশৃঙ্খলায়। ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও দৌড়ানির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
বিক্ষোভকারীরা কোনো দলীয় পরিচয় বহন করেন না। তাঁরা সেইসব পরিবার, যারা বিগত সময়ে হামলা-মামলায় জর্জরিত হয়ে পড়েছিল এবং পাশে পেয়েছিল ইয়াছিনকে। আজ সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই তাঁরা মনিরুল হক চৌধুরীকে “অবাঞ্ছিত” ঘোষণা করে গণসংযোগে বাধা দেন।
বিক্ষুব্ধ জনতার অভিযোগ, মনিরুল হক চৌধুরী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঘুরে হঠাৎ বিএনপির মনোনয়ন নিয়ে এসেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন—“যে নেতা মাঠে ছিলেন না, যিনি জনগণের পাশে ছিলেন না, তিনি কীভাবে আমাদের নেতা ইয়াছিন ভাইকে বঞ্চিত করে মনোনয়ন পেতে পারেন?”
তাঁদের দাবি স্পষ্ট “আমরা চাই দল পূর্ণ বিবেচনা করে গরীব দুঃখী মেহনতী মানুষের নেতা হাজ্বী আমিন-উর রশিদ ইয়াছিন ভাইকে চূড়ান্ত মনোনয়ন দিক। আমরা মুখিয়ে আছি ধানের শীষ প্রতীকে ইয়াছিন সাহেবকে ভোট দিতে।”
এই ঘটনার পর বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন যদি মাঠের বাস্তবতা ও জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে হয়, তবে তা শুধু দলীয় ঐক্য নয়, নির্বাচনী সম্ভাবনাকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এখন কুমিল্লার রাজনীতি উত্তপ্ত, জনমনে ক্ষোভ তীব্র, আর মনিরুল হক চৌধুরীর অবস্থান প্রশ্নবিদ্ধ। দলীয় নেতৃত্বের উচিত, এই সংকেতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
এবিষয়ে কারো থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ আরিফুল ইসলাম :