কুমিল্লার রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে ঐতিহাসিক টাউন হল মাঠকে কেন্দ্র করে। বৃহস্পতিবার (আজ) একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির কুমিল্লা-৬ আসনের দুই মনোনয়নপ্রত্যাশী পক্ষ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন কাউকেই মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মনিরুল হক চৌধুরী টাউন হল মাঠে জনসভার ঘোষণা দেন। একই দিন একই স্থানে দলের আরেক উপদেষ্টা আমিন-উর-রশিদের অনুসারীরা খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন। দুই পক্ষই মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, দুই পক্ষের আবেদন পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। গোয়েন্দা প্রতিবেদনে আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা প্রকাশ করায় কাউকেই মাঠ বরাদ্দ দেওয়া হয়নি। লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কেউই বৃহস্পতিবার টাউন হল মাঠে কর্মসূচি পালন করতে পারবে না। বিকল্প স্থানে কর্মসূচির পরামর্শ দেওয়া হয়েছে।
তবে দুই পক্ষই প্রশাসনের সিদ্ধান্ত মানতে নারাজ। বুধবার রাতেই মনিরুল হক চৌধুরী নেতা-কর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। কিছুক্ষণ পর আমিন-উর-রশিদের অনুসারীরাও সেখানে অবস্থান নেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই পক্ষই কর্মসূচি পালনে অনড় ছিল।
মনিরুল হকের পক্ষে তাঁর আইনজীবী আবদুল মোতালেব মজুমদার বলেন, ‘আমরা জনসভা করবই।’ একইভাবে আমিন-উর-রশিদের পক্ষ থেকেও কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম (রায়হান) বলেন, ‘আমরা অনুষ্ঠান করবই।’
উল্লেখ্য, ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই আমিন-উর-রশিদের অনুসারীরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছেন।

নিজস্ব প্রতিবেদক :