পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলোচিত মামলার রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম।
মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। মোট ১৭ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক কর্মকর্তা ও সদস্যরা এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দুদকের পক্ষ থেকে মামলায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানানো হয়েছে। প্রসিকিউটর তরিকুল ইসলাম বলেন, “আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নিয়েছেন, যা প্রমাণিত হয়েছে।”
কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান অভিযোগ অস্বীকার করে খালাসের আবেদন জানান। পলাতক থাকায় বাকি আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দুদক ছয়টি মামলা দায়ের করে, যার সবগুলোতেই শেখ হাসিনাকে আসামি করা হয়। ১৩ জানুয়ারি শেখ রেহানার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। অভিযোগে বলা হয়, তিনি ১০ কাঠা প্লট বরাদ্দ নেন ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে।
তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে আদালত ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
এই মামলার পাশাপাশি শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়েরকৃত তিন মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে ২৭ নভেম্বর। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার শুনানি শেষ পর্যায়ে রয়েছে।

অনলাইন ডেস্ক :