প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

চান্দিনায় ছি-ন-তা-ই-কা-রী সন্দেহে যুবককে পি-টি-য়ে হ-ত্যা আটক ৩

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে মো. মুছা (২৬) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ নভেম্বর) মধ্যরাতে বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুছা কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে। সোমবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদসার গ্রামের ব্যবসায়ী ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের দোকান চালান। গত ১৫ নভেম্বর রাতে দোকান বন্ধ করে ভাই আবুল কালামসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। ছিনতাইকারীরা বৈদ্যুতিক সক দিয়ে ময়নালকে আঘাত করে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ময়নাল দাবি করেন, তিনি ছিনতাইকারীদের মধ্যে মুছাকে চিনতে পেরেছেন। ঘটনার পর মুছা প্রায় ৮-১০ দিন বাড়ির বাইরে ছিলেন, যা সন্দেহ আরও ঘনীভূত করে।

 

রবিবার রাতে মুছা বাড়িতে ফিরলে তার পরিবারের সদস্যরা ময়নালকে খবর দেন। রাত আনুমানিক সাড়ে ১২টায় ময়নাল, কালা মিয়া, তাকবিরসহ অন্তত ১৫ জন মিলে মুছাকে বাড়ি থেকে ধরে এনে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে হামলাকারীরা মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—চাঁদসার গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কালা মিয়া, হাজী আব্দুল মতিন মাস্টারের ছেলে জহিরুল ইসলাম এবং নিহতের চাচাতো ভাই খোকন মিয়া।

 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পিতা আলাউদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয়াবহ বার্তা দিচ্ছে। অপরাধী হলেও বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই।

প্রিন্ট করুন