কুমিল্লা মহানগর বিএনপির রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলের দুই পরিচিত মুখ মোঃ বিল্লাল ও কোহিনূর আক্তার কাকলিকে পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের বিএনপি নেতা ও সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তাকে বহিষ্কার করা হলেও, কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুনর্বহালের প্রতিক্রিয়ায় মোঃ বিল্লাল বলেন, “দল আমাকে যে সম্মান ফিরিয়ে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। আগামীর আন্দোলন–সংগ্রামে আরও নতুন উদ্যমে মাঠে থাকব। সুযোগ পেলে মহানগরবাসীকে আগের মতোই নাগরিক সেবা দিয়ে যেতে চাই।”
অন্যদিকে, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক কাউন্সিলর ও মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনূর আক্তার কাকলি করোনাকালে মানবিক সহায়তা, রাজনৈতিক সংগ্রাম এবং ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তবে ২০২২ সালের সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে অংশ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী জননেতা মনিরুল হক চৌধুরীর সহযোগিতায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। পুনর্বহালের পর কাকলি বলেন, “আলহামদুলিল্লাহ ও কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জননেতা মনিরুল হক চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, জেলা-মহানগর বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে। দলীয় ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ভবিষ্যতেও নিজেকে নিবেদিত রাখব।”
দলের এই সিদ্ধান্তে কুমিল্লা মহানগর বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক :