কুমিল্লার হোমনায় ফেসবুকে মন্তব্য নিয়ে উত্তেজনা ও পূর্ব শত্রুতার জেরে দুলালপুর কাশিপুর গ্রামে এক হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হিমেল মিয়ার বাড়ির সামনে এ হামলার শিকার হন মো. রুবেল (৩৫)।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান—রুবেলের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর জখম হয়েছে এবং তাকে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
আহত রুবেল হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে মন্তব্য নিয়ে বিরোধের জেরে এলাকার মুশফিকুর রহমান মেহেদী, শামীম, সজিব, আরিফ, জুলহাস, ইমরান, জীবন, অলি ও জালালসহ ১৫–১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। পরে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। এ সময় শামীম নামে এক ব্যক্তি ধারালো দা দিয়ে তার মাথার পেছনে কোপ মারেন।
হামলার বাধা দিতে গেলে সাক্ষী মাহিন ও হিমেলও হামলাকারীদের হাতে মারধরের শিকার হন। অভিযোগে আরও উল্লেখ রয়েছে—হামলাকারীরা রুবেলের পকেট থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং হিমেলের বাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অভিযোগটি প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে। এসআই জীবন বিশ্বাসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর ইসলাম আলিফ