সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে কুমিল্লায় শুরু হচ্ছে ৯ দিনব্যাপী কুমিল্লা জেলা বইমেলা–২০২৫। টাউন হলে বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।
আয়োজকরা জানান, এ বছরের বইমেলায় ঢাকার ৭৪টি শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে টাউনহল মাঠে প্রায় ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।
২৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বইমেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান। উদ্বোধনীতে সেমিনার, আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে।
বইমেলা চলাকালে প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি আয়োজন করা হয়েছে কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা—যাতে শিক্ষার্থী ও নবীন পাঠকদের অংশগ্রহণে বইমেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
আগামী ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়া। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোঃ রেজা হাসান।
সেদিন আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পর্দা নামবে এবারের বইমেলার।
বইমেলা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা হচ্ছে। সংবাদ সম্মেলনে কুমিল্লার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
কুমিল্লায় বইপ্রেমীদের সবচেয়ে বড় বার্ষিক এই উৎসবকে কেন্দ্র করে পাঠক, লেখক, প্রকাশকসহ সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

রুহুল আমিন চৌধুরী সুমন