বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, “আমাদের নেতা তারেক রহমান খুব শিগগিরই, অর্থাৎ তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।” বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।”
এদিন তার আনুষ্ঠানিক প্রচারণাকে কেন্দ্র করে দাগনভূঞা জিরোপয়েন্ট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বহিষ্কৃত ছাত্রদল নেতা জামসেদুর রহমান ফটিকের অনুসারীরা সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়িবহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পথসভায় আবদুল আওয়াল মিন্টু বলেন, “আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। দেশের আর্থ–সামাজিক অবস্থা বদলাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা হামিদুল হক ডিলার এবং সঞ্চালনায় ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
পথসভায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আওয়াল মিন্টুকে স্বাগত জানান নেতাকর্মীরা। তিনি ফুলেল শুভেচ্ছার জবাব দেন। পথিমধ্যে সিলোনিয়া বাজার, বেকের বাজার ও তুলাতুলিতে আরও তিনটি পথসভায় অংশ নেন মিন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক :