বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে কান্নায় ভেঙে পড়েন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা-৬ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাজী ইয়াছিন বলেন, “বাংলাদেশের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ হাসপাতালে ভর্তি। তিনি দেশের মানুষের জন্য কখনো আপোষ করেননি। আল্লাহ আমাদের সকলের দোয়ার উছিলায় তাকে সুস্থ করে দিন।” এসময় আবেগে কান্নাজড়িত কণ্ঠে তিনি স্মরণ করেন ২০০৮ সালের সেই মুহূর্ত, যখন এই টাউন হল মাঠেই বেগম জিয়া তার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন।
তিনি বলেন, “আমার আর কোনো ব্যক্তিগত চাহিদা নেই। আমার একমাত্র আকাঙ্ক্ষা—আমার নেত্রী যেন সুস্থ হয়ে ওঠেন এবং আবারো আমার হাতে ধানের শীষ তুলে দেন। তিনি ফিরে এলে জনগণের হৃদয়ে গণতন্ত্রের শক্তি ফিরবে।”
দোয়া মাহফিলের পুরো সময়জুড়ে টাউন হল মাঠে ছিল এক প্রার্থনামুখর পরিবেশ। কোরআন তেলাওয়াত, দরূদ শরীফ পাঠ এবং বিশেষ মুনাজাতে অংশ নেন নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ নাগরিক ও নানা পেশার মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাবেক সভাপতি এডভোকেট আলী আক্কাস, এস এ বারী সেলিম, শহীদুল্লাহ রতন, মাহাবুবর রহমান দুলাল, আতাউর রহমান ছুটি, মুজিবুর রহমান কামাল, রেজাউল করিম, শফিউল আলম রায়হান, ওমর ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে হাজী ইয়াছিন বলেন, “আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নেত্রী সুস্থ হয়ে উঠবেন এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তাঁর ভূমিকা আবারো দৃঢ় হবে।”

নিজস্ব প্রতিবেদক :