প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

শেখ হাসিনার রায়ে দলীয় অস্তিত্ব সংকটে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। একইসঙ্গে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় তাকে মোট ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ধারাবাহিক রায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই আওয়ামী লীগ নেতৃত্বহীনতা, সাংগঠনিক স্থবিরতা ও আইনি জটিলতায় জর্জরিত। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে, আর যারা দেশে আছেন তাদের অনেকেই কারাগারে। তৃণমূলের হাজারো নেতাকর্মী আত্মগোপনে।

 

১৭ নভেম্বর ঘোষিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, আন্দোলনকারীদের হত্যা, আগুনে পুড়িয়ে মারা এবং সহিংসতা ছড়ানো। এরপর ২৭ নভেম্বর দুর্নীতির মামলায় আরও ২১ বছরের সাজা ঘোষণা করা হয়। একই মামলায় তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলকেও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। এরপরও ১৩ ও ১৬ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে মাঠে তেমন সাড়া না পেয়ে, বরং কিছু এলাকায় সহিংসতার অভিযোগে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।

 

রাজনৈতিক বিশ্লেষক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, “দলটির সভাপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অধিকাংশ নেতা বিদেশে, কার্যক্রম নিষিদ্ধ এই অবস্থায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন।” বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ এখন জটিল ও অনিশ্চিত।”

 

৭৫ বছরের পুরোনো দলটি অতীতে বহু সংকট মোকাবিলা করলেও, এই মুহূর্তে মৃত্যুদণ্ড, দুর্নীতির সাজা, নেতৃত্বহীনতা ও নিষেধাজ্ঞার সম্মিলিত চাপে দলটি ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রিন্ট করুন