প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লাকসামে ক্লুলেস হ-ত্যা-কা-ণ্ডের রহস্য উদঘাটন, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার লাকসামে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ ঘিরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১১। ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে।

 

গত ২৫ নভেম্বর ২০২৫, সকাল ৭টার দিকে লাকসাম থানাধীন গন্ডামারা এলাকার জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। নিহতের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

 

নিহত যুবক মইন উদ্দিন অন্তর (১৮), কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ভাঙ্গারির দোকানে কাজ করতেন এবং অপরাধপ্রবণ কিছু যুবকের সঙ্গে চলাফেরা করতেন বলে জানা গেছে।

 

ঘটনার পর ভিকটিমের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

 

র‌্যাব-১১ এর আভিযানিক দল ধারাবাহিক অভিযানে যাদের গ্রেফতার করে, তারা হলেন:

 

মোহাম্মদ রবিউল হোসেন ওরফে ক্যামেল (৩২), মোঃ ইসমাইল খান (২৫), মিলন হোসেন ওরফে ছোট মিলন (১৫), মোঃ হাসান ওরফে এমআই হাসান (২২) সহ মোট ৯ জন। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, ভিকটিম অন্তর চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং চোরাই মাল ভাগাভাগি ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গুম করতে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন