কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া নু এমং মারমা মংকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে বরণ করা হয়েছে। সোমবার ১ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবেক ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, সদস্য মাসুদ মজুমদার, মোহাম্মদ রাকিব, নয়ন দেওয়ানজি, জাহাঙ্গীর মীরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
দায়িত্ব পালনকালে নু এমং মারমা মং বরুড়ায় অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার, অনিয়ম প্রতিরোধে অভিযান পরিচালনা, জনঅভিযোগের দ্রুত সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন। শিক্ষা উন্নয়নেও তার অবদানের কথা উল্লেখযোগ্য—বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা, নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইন–শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, বরুড়ার উন্নয়ন ও জনসেবায় সাবেক ইউএনও নু এমং মারমা মং আন্তরিকতা, নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্ব বরুড়ায় স্থায়ী ছাপ রেখে গেছে। আমরা তাঁর সফল ভবিষ্যৎ কামনা করি এবং নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে স্বাগত জানাই। তাঁর নেতৃত্বে বরুড়ার উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।
সাধারণ সম্পাদক সুজন মজুমদার বলেন, প্রশাসন ও মিডিয়া জনগণের জন্য কাজ করে। সাবেক ইউএনও সবসময় সাংবাদিকদের সহযোগিতা করেছেন। নতুন ইউএনওর সঙ্গে একইভাবে উন্নয়নমূলক কাজে একযোগে কাজ করতে চাই।
নিজ বক্তব্যে সাবেক ইউএনও নু এমং মারমা মং বলেন, বরুড়ার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। সাংবাদিকদের সহযোগিতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য আমি কৃতজ্ঞ। বরুড়ার উন্নয়ন এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।

নাসির উদ্দিন