প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

স্বৈরাচার বিদায়ের নায়ক এবার দেবিদ্বারে প্রার্থী

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

আমার এজেন্ট দিতে পারব না, তবে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব” এমন সাহসী বার্তা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনি পদযাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটারই হবে আমার এজেন্ট।”

 

তিনি বলেন, “অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের এজেন্ট ছিল, তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে? আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছি।”

 

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে অতীত আন্দোলনের স্মৃতি টেনে বলেন, “আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, তখন অন্য দলের লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। এবারও যদি আমরা ভালো কাজ করি, তাহলে অন্য দলের লোকজনও আমাদের সঙ্গে আসবে।”

 

তিনি আরও বলেন, “নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। শুধু চাই, আপনারা ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দিন। আমি আপনাদের পাশে থাকব, সুখে-দুঃখে, সংকটে-সম্ভাবনায়।”

 

এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড়বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনি পদযাত্রা শুরু করেন তিনি। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন গ্রামে ঘুরে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন।

 

দেবিদ্বারের মাটিতে এই পদযাত্রা শুধু প্রচারণা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা স্বৈরাচার বিদায়ের নায়ক এবার ভোটের ময়দানে।

প্রিন্ট করুন