প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সিটি করপোরেশনের ‘আবর্জনা পাহাড়ে’ বন্দি ৩০ হাজার মানুষ

জাহিদ পাটোয়ারী :

কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের অব্যবস্থাপনায় শহরের প্রবেশপথে গড়ে উঠেছে এক ভয়াবহ ময়লার পাহাড়। বিবিরবাজার স্থলবন্দরে যাওয়ার পথে ঝাঁকুনিপাড়া এলাকায় রাস্তার পাশে চোখে পড়ে বিশাল স্তূপ যা মাটি বা বালু নয়, বরং গত ১৪ বছর ধরে প্রতিদিন ফেলা ৪০০-৪৫০ টন ময়লা-আবর্জনার ফল।

 

এই বর্জ্যের মধ্যে রয়েছে বাসাবাড়ি, শিল্পকারখানা ও হাসপাতালের বর্জ্য। খোলা জায়গায় এসব ফেলার কারণে আশপাশের অন্তত ১০ গ্রামের ৩০-৩৫ হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। দুর্গন্ধ, দূষণ ও রোগবালাইয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ঝাঁকুনিপাড়া, দৌলতপুর, বাজগড্ডা, খামার কৃষ্ণপুর, শুয়ারা, জগন্নাথপুর, নবগ্রাম ও বালুতুপাসহ আশপাশের জনপদ।

 

সিটি করপোরেশনের দাবি, প্রতিদিন উৎপন্ন বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। তাই নতুন করে আরও ১৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও জাইকা মিলে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তবে তা মিলবে অধিগ্রহণ সম্পন্ন হলে।

 

পরিবেশ অধিদপ্তর ও পরিবেশবাদীরা বারবার সতর্ক করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন। বরং বছরের পর বছর ধরে আন্দোলন ও অভিযোগের পরও গড়ে উঠেছে ময়লার বিশাল পাহাড়। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই অভিশাপ থেকে মুক্তি না পেলে জনস্বাস্থ্য ও পরিবেশের ভয়াবহ বিপর্যয় অনিবার্য।

 

পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, “খোলা স্থানে বর্জ্য ফেলায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বহুবার বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।”

 

সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ আলম জানান, “নতুন ১৫ একর জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। ৬-৮ মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে পরিবেশ বিপর্যয় কমবে এবং দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে।”

প্রিন্ট করুন