প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

বাঞ্ছারামপুরে ‘মার্চ উইথ নকিবুল হুদা’তে জনস্রোত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার সমর্থনে অনুষ্ঠিত “মার্চ উইথ নকিবুল হুদা” গণমিছিলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হাজারো মানুষের ঢল নামে।

 

বাঞ্ছারামপুর সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাওলাগঞ্জ বাজার মাঠে গিয়ে শেষ হয়।

 

মিছিলে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের হাতে ছিল নানান রঙের দাঁড়িপাল্লা প্রতীক, মুখে ছিল স্লোগান—যা পুরো এলাকাকে পরিণত করে এক উৎসবমুখর জনসমুদ্রে।

 

মিছিল শেষে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের পরিচালক কাজী মো. আবুল বাশার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, “এই জনস্রোত প্রমাণ করে বাঞ্ছারামপুরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। হিন্দু–মুসলমান সবার ভালোবাসায় আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।”

 

বক্তারা আরও বলেন, “এই গণমিছিল প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। তারা শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে। আগামী নির্বাচনে এই গণজোয়ারই হবে বিজয়ের সোপান।”

প্রিন্ট করুন