নোয়াখালীর বেগমগঞ্জে এক ভাঙ্গা কবর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। আজ রোববার সকালে স্থানীয় একটি কবরস্থান পরিষ্কার করতে গিয়ে এক ব্যক্তি হঠাৎই একটি ভাঙ্গা কবরে অস্ত্রের অস্তিত্ব দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে জগদীশপুর এলাকা থেকে একজন কলার কবরস্থানে অস্ত্র দেখার বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাকে অবহিত করা হয়।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানে ভাঙ্গা কবর থেকে উদ্ধার করা হয় দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান।
ঘটনাস্থলটি নোয়াখালী ও লক্ষীপুর জেলার সীমান্তবর্তী হওয়ায় প্রশাসনিকভাবে এটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন। ফলে উদ্ধারকৃত অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এই অস্ত্র কবরস্থানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক :