কুমিল্লার বুড়িচং উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ অভিযান পরিচালনা করা হয় সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে, কোদালিয়া এলাকার নুরুল আমিনের ছাড়া বাড়ির বাগানের ভেতর থেকে।
অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল ইসলাম ও এএসআই শাহপরান। সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি বর্তমানে বুড়িচং থানায় পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
আটককৃত আসামির পরিচয়:
মোঃ ইসহাক (৩৬), পিতা মৃত আব্দুল রশিদ, সাকিন কোদালিয়া, থানা বুড়িচং, জেলা কুমিল্লা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলছে। মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া এলাকা সীমান্তের নিকটে হওয়ায় দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে চিহ্নিত ছিল। সফল এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার