প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

অনলাইন জুয়ার নেশায় সর্বস্বান্ত যুবকের করুণ পরিণতি

অনলাইন ডেস্ক :

কক্সবাজারে অনলাইন জুয়ার ভয়াবহ ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করেছেন ইমরান (২৮) নামে এক যুবক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ার নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এই আসক্তির কারণে তিনি বিভিন্ন সময় পরিচিতজনদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধার নেন। ধার শোধে অক্ষমতা, সর্বস্ব হারানোর হতাশা এবং মানসিক চাপে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

 

নিহতের এক নিকটাত্মীয় জানান, রাতে ইমরান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। নিহত যুবক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রিন্ট করুন