কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, “নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোনো দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটি নির্বাচিত সরকারই পারে দেশটাকে বাঁচাতে।”
তিনি বলেন, “জাতির কপাল ভালো যে ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো একজন দায়িত্ববান মানুষ দেশের হাল ধরেছেন। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।”
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে জাতি অস্তিত্ব সংকটে ছিল। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্ররা জীবন বাজি রেখে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। আমার মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস, রাজপথে ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছে।”
তিনি আরও বলেন, “ড. ইউনুস চেষ্টা করেছেন পর্যাপ্ত সংস্কারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনুসের ঐতিহাসিক বৈঠকের ফলে দেশ এখন নির্বাচনের পথে। তফসিল ঘোষণা আজ-কালেই হবে।”
তিনি বলেন, “স্বাধীনতা আমাদের একটি দেশ দিয়েছে। আমি দেশ মাতৃকার স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি। আইউব খান আমাকে জেলে নিতে সাহস পায়নি, কিন্তু হাসিনা সরকার বাস পুড়ানোর মিথ্যা মামলায় আমাকে বৃদ্ধ বয়সে জেলে নিয়েছে। আমি ২০১৮ সালের নির্বাচন জেল থেকেই করেছি।”
সভায় সভাপতিত্ব করেন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ এয়াসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারীয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুবনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন এবং গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক :