ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের কাছ থেকে ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
হাসপাতাল ত্যাগের সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমীরে জামায়াত বলেন, “তফসিল ঘোষণার পরের দিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধাকে লক্ষ্য করে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হামলাকে কোনওভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার নেপথ্যের শক্তি কারা—তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহসহ দলের কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী পরিবেশকে কলুষিত করতে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা ছড়াতে চাইছে।
ওসমান হাদির ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক :