দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থায় এখনো সংকটাপন্ন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা এই রাজনৈতিক কর্মী এখনো ডিপ কোমায় রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া যায়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের রোববার সকালে জানান, “অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স রয়েছে।” চিকিৎসকদের নির্ধারিত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণকাল সোমবার রাতে শেষ হবে। এরপরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ওসমান হাদি। গুলি তার কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। হাদি ও খালেদা জিয়ার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। সিলেট থেকে আসা সোহেল আহমেদ বলেন, “হাদি ভাই একজন প্রতিবাদী মানুষ। যারা দেশের ভালো চায় না, তারাই তার ওপর হামলা করেছে।”
গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ওসমান হাদি। তিনি পতিত আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই তার ওপর এই হামলা হয়।
হাদির সমর্থকেরা এই হামলার জন্য পতিত আওয়ামী লীগকে দায়ী করেছেন। অন্তর্বর্তী সরকার এটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পৃথকভাবে এই হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে চিহ্নিত করা হয়েছে। তার সম্পর্কে তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মালিককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অনলাইন ডেস্ক :