প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য প্রস্তুত: কুমিল্লায় আরব বেকারিকে জরিমানা

স্টাফ রিপোর্টার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরিয়া পাড়া এলাকায় বেকারি পণ্য ও শিশু খাদ্য প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে ওজনে কম দেওয়া, শিশু খাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, পোড়া তেলে শিশু খাদ্য ভাজা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, ‘আরব বেকারি’ পার্টি কেকের ক্ষেত্রে প্রতি ২ পাউন্ডে ৭০ গ্রাম কম দিয়ে বিক্রি করছিল। পাশাপাশি শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহার এবং পোড়া তেলে ভাজার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (BFSA) নমুনা সংগ্রহকারী মো. সাকিব।

অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

 

প্রিন্ট করুন