প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রিয় আপা জাতি আপনার অপেক্ষায়!

সিরাজুল ইসলাম চৌধুরী :

দেশের রাজনীতি এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। এক সময় যিনি ছিলেন ক্ষমতার শীর্ষে, যাঁর এক কথায় বদলে যেত প্রশাসনের রং, যাঁর আমলে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হয়েছে একের পর এক—আজ সেই ‘আপা’ নিজেই মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের রায়ের অপেক্ষায়।

 

দেশবাসীর চোখ এখন একটাই দিকে—আপা, আপনি কবে ফিরবেন দেশে? কারণ মানুষ চায়, আপনি নিজেই যেন আইনের মুখোমুখি হন। আপনি তো বলেছিলেন, “আমি দেশ ছাড়ব না।” অথচ আজ আপনি নেই, আর দেশ যেন শূন্য।

 

আপনার অনুপস্থিতিতে আপনার দলের নেতাকর্মীরাও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেশ-বিদেশে। কেউ আত্মগোপনে, কেউ গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে। রাজধানীতে ক্ষণিকের মিছিল, আর তাতেই ১৩১ জন গ্রেপ্তার। অথচ আপনি ছিলেন সেই নেত্রী, যাঁর এক ইশারায় লাখো মানুষ রাস্তায় নামত।

 

আপা, আপনি বলেছিলেন ইভিএমেই সুষ্ঠু নির্বাচন হয়। আজ সেই ইভিএম বাতিল। আপনি বলেছিলেন ‘না ভোট’ মানে নেতিবাচক রাজনীতি। আজ সেই ‘না ভোট’ ফিরিয়ে আনা হয়েছে। আপনি বলেছিলেন সেনাবাহিনী ডিসির অধীনে থাকবে। আজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সরাসরি ভোটকেন্দ্রের দায়িত্ব।

 

আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন যেন এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে—এই বিধান ছোট দলগুলোর জন্য বড় ধাক্কা।

 

আপা, আপনি বলেছিলেন, “আমি পালিয়ে যাব না।” কিন্তু আজ আপনি নেই। আর মানুষ বলছে—আপাকে ফিরিয়ে এনে রায় কার্যকর হলে দেশবাসী স্বস্তি পেত।

 

আপা, আপনি কি জানেন, মানুষ এখন আর আগের মতো ভয় পায় না। মানুষ এখন প্রশ্ন করে, বিচার চায়। আপনি যেভাবে অন্যদের বিচার করেছেন, মানুষ এখন সেই একই মানদণ্ডে আপনাকেও দেখতে চায়।

 

আপা, আপনি কি শুনছেন? জাতি আপনার অপেক্ষায়।

প্রিন্ট করুন