প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল মদের ট্রাক

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়েছে বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান। রোববার রাতে বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে যাত্রা করা একটি মিনি ট্রাক স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা সেটিকে থামিয়ে তল্লাশি চালায়।

 

তল্লাশিতে দেখা যায়, ট্রাকের ভেতরে খড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে অসংখ্য ছোট পলিথিনে এক লিটার করে চোলাই মদ। এসব পলিথিন আবার একাধিক বস্তায় ভরে বোঝাই করা হয়েছিল।

 

ঘটনাস্থলে উত্তেজিত জনতা ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে মহাসড়কের ওপর রেখে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো চালান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

ঘটনার সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি গাড়িটিতে মোট কত পরিমাণ মদ ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি ট্রাক থেকে বস্তা নামিয়ে আগুন দিচ্ছেন।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই রুটে চোলাই মদের অবাধ পরিবহন চলছে। প্রশাসনের নজরদারি না থাকায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন