প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

২য় মুরাদপুরে বিজয় দিবস কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

 

মহান বিজয় দিবস উপলক্ষে নগরের দ্বিতীয় মুরাদপুর এলাকায় শুরু হয়েছে ‘বিজয় দিবস কাপ শর্ট পিস মিনি ক্রিকেট টুর্নামেন্ট’। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নগরের দ্বিতীয় মুরাদপুর বটতলা এলাকায় দ্বিতীয় মুরাদপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কৃষক দল সভাপতি সাদিকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী রানা, মো. ফিরোজ আহমেদ, কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে অতিথিরা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

 

প্রিন্ট করুন