“আপনারা যদি চান, আমিও ছাড়বো না”—এই আবেগঘন বার্তায় কুমিল্লার রাজগঞ্জ ও মোঘলটুলি এলাকায় সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গণসংযোগে অংশ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেন, “গণসংযোগে একটি প্রশ্ন বারবার উঠে আসে—নমিনেশনের কী খবর। আমি আবারও বলছি, কিছুদিন আগে যে নমিনেশন দেওয়া হয়েছে, সেটি ছিল প্রাথমিক সিলেকশন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ সিনিয়র নেতারা বারবার বলেছেন—ফাইনাল সিলেকশন তারাই দেবেন।”
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কি চান না আমি আপনাদের পাশে থাকি? আপনারা যেহেতু আমাকে চান, আমি বিশ্বাস করি দলও আমাকে চাইবে। যখন ফাইনাল তালিকা প্রকাশ হবে, তখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”
গণসংযোগকালে হাজী ইয়াছিন দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা নিয়ে নিজের স্বপ্ন ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কথা শুনতেন, যা চাইতেন তা বাস্তবায়ন করতেন। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করছেন।”
নিজের রাজনৈতিক ভূমিকা স্মরণ করে তিনি বলেন, “গত ১৭-১৮ বছর আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আদালতের বারান্দায় থেকেছি, জামিনের ব্যবস্থা করেছি, পরিবারগুলোর খোঁজ নিয়েছি। অতীতেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো।”
গণসংযোগে অংশ নেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মুজিবুর রহমান কামাল, মনির হোসেন পারভেজ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক :