কুমিল্লার হোমনা থানার হেফাজতে হামিদা ওরফে ববিতা (৩২) নামে এক নারী বন্দির আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’ কক্ষে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত হামিদা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে হামিদা তার সতীনের ১১ বছর বয়সী ছেলে সায়মনকে ছুরিকাঘাত করেন। এতে শিশুটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয় জনতা হামিদাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। বিকেল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই আহত শিশুর চাচা স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার সকালে হামিদাকে আদালতে সোপর্দ করার কথা ছিল। তার সঙ্গে চার বছরের একটি শিশু থাকায় তাকে হাজতখানায় না রেখে থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’ কক্ষে রাখা হয়। সেখানে অন্য এক নারী বন্দি ও একজন নারী গ্রাম পুলিশ পাহারায় ছিলেন। এরই মধ্যে ভোর সাড়ে ৫টার দিকে সবার অগোচরে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হামিদা।
থানা হেফাজতে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন। এরপর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানবাধিকারকর্মীরা থানায় বন্দিদের নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তানবীর ইসলাম আলিফ :