প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় বাস ধর্মঘটে যাত্রী ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

রুহুল আমিন চৌধুরী সুমন

 

কুমিল্লায় বাস মালিকদের ধর্মঘটের কারণে রাজধানীমুখী যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাস চলাচল বন্ধ থাকায় জেলার তিনটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস না পেয়ে বিভিন্ন অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রীরা বাধ্য হয়ে অটো ও সিএনজির ওপর নির্ভর করছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু অটো-সিএনজি চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকার সুযোগে সিএনজি চালকরা শাসনগাছা থেকে ক্যান্টনমেন্ট, বিশ্বরোড ও চান্দিনা রুটে স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া নিচ্ছেন। অনেক চালক আলেখারচর পর্যন্ত যেতে অনীহা প্রকাশ করে ক্যান্টনমেন্ট বা চান্দিনার ভাড়া দাবি করছেন।

এ বিষয়ে যাত্রী সাখাওয়াত অভিযোগ করে বলেন, “স্বল্প দূরত্বে গেলেও আমাদের কাছ থেকে দূরপাল্লার ভাড়া আদায় করা হচ্ছে।”

অভিযোগ প্রসঙ্গে সিএনজি চালক লোকমান হোসেন বলেন, “সব সময় এমন সুযোগ পাওয়া যায় না, তাই আমরাও সুযোগটা নিচ্ছি।”

বাস ধর্মঘটের কারণে উপায় না পেয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই নির্দিষ্ট গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

প্রিন্ট করুন