যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় কুমিল্লা থেকে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম জানান, রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় খাদিজার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মঙ্গলবার মামলার মূল নথি না থাকায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ নথি উপস্থাপনের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ খাদিজার বিরুদ্ধে সরাসরি হত্যার পরিকল্পনা ও প্ররোচনার অভিযোগ তুলে ধরে রিমান্ডের যৌক্তিকতা ব্যাখ্যা করে। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে রিমান্ড বাতিলের অনুরোধ জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারে আরিফ সিকদারকে প্রতিপক্ষ মনে করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা আরিফকে হত্যার পরিকল্পনা করেন এবং সরাসরি প্ররোচনা দেন। ১৯ এপ্রিল রাতে দি ঝিল ক্যাফের সামনে গুলিবিদ্ধ হন আরিফ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। সুব্রত বাইনকে গত মে মাসে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় এবং খাদিজাকে র্যাব গত সোমবার কুমিল্লা থেকে আটক করে।
মামলার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক :