কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া ২০ ও মমতাজ বেগম ৭৫ নামের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক তোফায়েল আহমেদ।
নিহত শাহিন মিয়া রংপুর জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। অপর নিহত মমতাজ বেগম চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল সাড়ে সাতটায় শাহিন মিয়া অটোরিকশায় করে চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চাটিতলা রাস্তার মাথায় পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শাহিন মিয়া সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে একইদিন সকাল সাড়ে নয়টায় আটগ্রাম শরীফপুর আঞ্চলিক সড়কের ডলবা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন জানান সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবক ও এক বৃদ্ধা নারীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয় এবং লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক