ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় এসেছে। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম, যিনি এই হত্যার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রের দাবি, শাহীন চেয়ারম্যান কিলিং মিশনের অর্থ ও অস্ত্রের জোগানদাতা ছিলেন। তার সঙ্গে জড়িত ছিল একাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা, যাদের মধ্যে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ অন্যতম। হামলার পর ঘাতকদের সীমান্তে পালাতে সহায়তা করেন এই হামিদ।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ কল ও এসএমএসের সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ভারতে পলাতক থাকা অবস্থায় তিনি দেশের স্লিপার সেল সদস্যদের সঙ্গে অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রাখতেন এবং হিটলিস্ট বাস্তবায়নের নির্দেশনা দিতেন।
শাহীন আহমেদ একসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তবে স্থানীয়দের কাছে তিনি বেশি পরিচিত মাফিয়া ডন হিসেবে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি ভারতে পালিয়ে যান। তবে গত কয়েক মাস ধরে তিনি আবার সক্রিয় হয়ে উঠেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হাদি হত্যার তদন্তে আরও কয়েকজন রাজনীতিকের নাম উঠে এসেছে এবং তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, “আমরা সবদিক মাথায় রেখে তদন্ত করছি। আশা করি খুব শিগগিরই মাস্টারমাইন্ডসহ সবাইকে শনাক্ত করা সম্ভব হবে।”

অনলাইন ডেস্ক :