জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরশয্যার পাশে আজ শায়িত হলেন শহীদ শরিফ ওসমান বিন হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিকেল ৩টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কবরস্থানে পৌঁছায়।
গত ১২ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।
শহীদ ওসমান হাদির দাফনস্থল হিসেবে জাতীয় কবির পাশের স্থানটি বেছে নেওয়া হয়েছে তার আত্মত্যাগের প্রতি জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে।

অনলাইন ডেস্ক :