প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

থানার আঙিনায় কোটি টাকার ‘গাড়ির কবরস্থান’

ফয়েজ আহমেদ ভূইয়া :

কুমিল্লার সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণপাড়ার থানার আঙিনায় পড়ে আছে শত শত জব্দকৃত যানবাহন—যার আনুমানিক বাজারমূল্য কয়েকশ কোটি টাকা। সড়ক দুর্ঘটনা, মাদক পাচার, চোরাই পণ্য পরিবহনসহ নানা অভিযোগে এসব যানবাহন জব্দ করেছে পুলিশ। কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়ায় বছরের পর বছর ধরে রোদ-বৃষ্টিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় এই সম্পদ।

 

থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল, ট্রাক, বাস, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থানার চত্বরে পড়ে আছে। এসব যানবাহনের বেশিরভাগই এখন আর চেনার উপায় নেই—কিছু মাটিতে দেবে গেছে, কিছু গাড়ির যন্ত্রাংশ খুলে পড়েছে, আবার কিছু চুরি হয়ে গেছে।

 

আইনি জটিলতা, মালিকদের অনাগ্রহ এবং আদালতের নির্দেশনা ছাড়া নিলামে বিক্রি করতে না পারার কারণে এই যানবাহনগুলো দিনের পর দিন অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম তপন জানান, “আমি নতুন এসেছি, তাই সঠিক সংখ্যা কালকে বলতে পারব। তবে এগুলো বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশ ছাড়া এগুলোর বিষয়ে কিছু করার সুযোগ নেই।”

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, থানার চত্বরের বড় একটি অংশ দখল করে আছে এই জব্দকৃত যানবাহন। কোনো ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে পড়ে থেকে ক্ষয়ে যাচ্ছে এসব গাড়ি। আদালতের নির্দেশ ছাড়া এগুলো বিক্রি করা সম্ভব নয়, আবার মালিকরাও অধিকাংশ ক্ষেত্রে এগুলো ফেরত নিতে আগ্রহ দেখান না।

 

আইনজীবীরা বলছেন, মালিকরা চাইলে আদালতে আবেদন করে গাড়ি ফেরত পেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আর ফিরে আসেন না। ফলে মামলার আলামত হিসেবে এসব যানবাহন বছরের পর বছর থানায় পড়ে থেকে নষ্ট হয়।

 

এই পরিস্থিতি শুধু ব্রাহ্মণপাড়ায় নয়, দেশের অনেক থানাতেই একই চিত্র দেখা যায়। রাষ্ট্রীয় সম্পদের এমন অপচয় রোধে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যানবাহনগুলো নিলামে বিক্রি বা মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন সচেতন মহল।

প্রিন্ট করুন