প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

তিতাসে মামলাবাজ চক্রের বিরুদ্ধে উত্তাল জনতা

হালিম সৈকত :

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাগরফেনা গ্রামে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসা শাহিনুর বেগম ও তার মা মিনরা বেগমের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মধ্যপাড়ায় আয়োজিত এই মানববন্ধনে প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, শাহিনুর ও মিনরা বেগম দীর্ঘ দুই দশক ধরে গ্রামে মামলাবাজি করে নিরীহ মানুষকে হয়রানি করে আসছেন। টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই হয়রানির শিকার হতে হয়। সম্প্রতি নবীর হোসেন নামের এক নিরীহ ব্যক্তিকে একটি মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মূলত জায়গা না দেওয়ার কারণেই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 

মানববন্ধনে আবদুল বাতেন, ডা. আবদুল হান্নান, আশরাফুল আলম, নুরুল ইসলাম মেম্বার, মোহর মিয়া, জামাল হোসেন, আবুল কাসেম, রফিকুল ইসলাম, অলি আহমদ, তানভীর আহমেদ, এনামুল হকসহ অনেকে বক্তব্য রাখেন। তারা বলেন, নবীর হোসেন এখন নির্জন কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। তার পরিবার চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।

 

বক্তারা দ্রুত নবীর হোসেনের মুক্তি দাবি করেন এবং শাহিনুর ও মিনরা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই চক্রের অপকর্ম বন্ধ না হলে গ্রামে শান্তি ফিরবে না।

প্রিন্ট করুন