প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সমাবেশের আগেই গু-লিবিদ্ধ এনসিপি নেতা

অনলাইন ডেস্ক :

খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার (৪০)। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

 

গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”

 

এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ জানান, মোতালেব শিকদার জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খুলনায় আসন্ন একটি বিভাগীয় শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তিনি বলেন, “সমাবেশ সফল করতে মোতালেব ভাই দিনরাত পরিশ্রম করছিলেন। এই হামলা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা দরকার।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন