অন্ধকারে ঢাকা দোকানঘর, বাইরে সেনাবাহিনীর কড়া নজর। ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার রাত ৯টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার শহিদপুর গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে মোঃ ইসমাইল হোসেন সবুজ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি শহিদপুর গ্রামের জহুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও লালমাই থানা পুলিশের একটি যৌথ দল শহিদপুর বাজারের একটি দোকানে অভিযান চালায়। অভিযানে দোকান তল্লাশি করে সবুজের কাছ থেকে ৬২ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, ৪৪ প্যাকেট রোলিং পেপার এবং নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃত মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্থানীয়দের মতে, সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠলেও এবারই প্রথম তাকে হাতেনাতে আটক করা হলো। সেনাবাহিনীর এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মাইন উদ্দিন :