প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লাসহ সারাদেশে ৬০ লাখ ব্যাটারি রিকশা, বছরে ৪ হাজার কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক :

কুমিল্লা শহর ও জেলার প্রতিটি অলিগলিতে এখন ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। এই যানবাহন যেমন সাধারণ মানুষের চলাচলে স্বস্তি এনেছে, তেমনি তৈরি করেছে পরিবেশ, নিরাপত্তা ও রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংকট। রাজধানী ঢাকায় যেমন ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে, কুমিল্লা শহরেও এমন অবৈধ চার্জিং গ্যারেজের সংখ্যা দিন দিন বাড়ছে—যা বিদ্যুৎ অপচয় ও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে সিপিডি আয়োজিত “থ্রি হুইলার রিকশাকে শহরের যাতায়াত ব্যবস্থায় অন্তর্ভুক্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক আলোচনায় এসব তথ্য উঠে আসে। আলোচনায় জানানো হয়, সারাদেশে প্রায় ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যার ৯০ শতাংশই বাংলাদেশে তৈরি। এসব যানবাহন দেশের মোট সড়ক দুর্ঘটনার ১৬.৫ শতাংশের জন্য দায়ী।

 

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “বাংলার এই টেসলা”—ব্যাটারিচালিত রিকশা—শহরের মূল সড়ক ও মহাসড়কে চলাচল করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তিনি বলেন, “এই যানটি পরিবেশ দূষণ করছে, ব্যাটারির কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অবৈধ চার্জিং স্টেশন থেকে সরকার প্রতিবছর প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।”

 

মূল প্রবন্ধে সিপিডির প্রোগ্রাম অ্যাসোসিয়েট খালিদ মাহমুদ বলেন, বৈধ চার্জিং স্টেশন মাত্র ৩৩০০টি থাকলেও অবৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা ৪৮ হাজারের বেশি। কুমিল্লার মতো শহরগুলোতে এসব গ্যারেজে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে, যা পরিবেশ ও অর্থনীতির জন্য হুমকি।

 

সিপিডি সুপারিশ করেছে, ব্যাটারিচালিত রিকশার জন্য লাইসেন্সিং ব্যবস্থা চালু করা, আমদানিকৃত যন্ত্রাংশে ট্যাক্স বাড়ানো, গ্যারেজ মালিকদের নিবন্ধন ও মনিটরিংয়ের আওতায় আনা, জাতীয়ভাবে লেড অ্যাসিড সার্ভে পরিচালনা, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা।

 

কুমিল্লা শহরের পরিবহন ব্যবস্থায় এই যানবাহনের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। নীতিনির্ধারকদের দৃষ্টি না দিলে কুমিল্লাসহ সারাদেশে এই যানবাহন ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।

প্রিন্ট করুন