কুমিল্লার হোমনায় অধ্যক্ষ আবদুল মজিদ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়ালি উল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, সাংবাদিক মো. আতিকুর রহমান ভূইয়া, আবুল কাশেম, কবি দেলোয়ার, মো. শরীফ সরকার, মোঃ তারিকুল ইসলাম তারেকসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান, ওমর ফারুক, মো. কাউসার আহম্মেদ, মো. সানাউল্লাহ, মো. মানিক মিয়া, মো. মোস্তফা কামাল ও শাওন দেব।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আধুনিক ও সময়োপযোগী পাঠদান পদ্ধতি চালু করা, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত উপস্থিতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম, সাফল্য ও উন্নয়নমূলক উদ্যোগগুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে শিক্ষার প্রতি অভিভাবক ও সমাজের আগ্রহ আরও বাড়বে। সাংবাদিকদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও অগ্রগতি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে বলেও তারা মত প্রকাশ করেন।
সভা শেষে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত সাংবাদিকরা।

তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার