প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

হোমনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

তানবীর ইসলাম আলিফ :

কুমিল্লার হোমনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪টা ৫ মিনিটে হোমনা সেনা ক্যাম্পের সেনাসদস্য ও হোমনা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬), আনিছ (৩৯) এবং সুমন (৪০)।

 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে মেহেদী মাহমুদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। নুরুজ্জামান ও আনিছের কাছ থেকে পৃথকভাবে ৯ পিস করে ইয়াবা এবং সুমনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

 

সবমিলিয়ে অভিযানে ৪ বোতল ফেনসিডিল (৪০০ মিলিলিটার), ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২.৬ গ্রাম) এবং নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-১১, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের মতে, এই অভিযান এলাকায় মাদকবিরোধী অভিযানে নতুন বার্তা দিয়েছে।

প্রিন্ট করুন