কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে বর্ণাঢ্য ও স্মরণীয় আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী উদযাপনের কর্মপরিকল্পনা তুলে ধরেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপদেষ্টা ইসমাইল হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, মিডিয়া ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য আলী মোঃ সবুজ, এডভোকেট ফেরদৌস আহমেদ দুলাল, অভিভাবক সদস্য রেজাউল করিম মিন্টু, আব্দুল্লাহ আল ফরহাদ, মোঃ সাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, “১৯৭৫ সালে প্রতিষ্ঠিত কুলিয়ারা উচ্চ বিদ্যালয় দীর্ঘ পাঁচ দশক ধরে এ অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যে কোনো প্রতিষ্ঠানের জীবনে সুবর্ণজয়ন্তী একবারই আসে। তাই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা বিশেষ আয়োজন করেছি।”
তিনি আরও জানান, ১৯৭৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান ও সাফল্য তুলে ধরে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনে সাজানো হবে দিনব্যাপী অনুষ্ঠান।
এ পর্যন্ত প্রায় দুই হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এ্যালামনাই হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি ও নিবন্ধিত শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।

অনলাইন ডেস্ক