ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালী থেকে রওনা হওয়া বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি বাস কুমিল্লার বাগমারা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার বাগমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসা বাসটি বাগমারা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের ওপর উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন (জামাল) ও নেয়াজপুর ইউনিয়ন বিএনপির কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বাসের যাত্রী ও নোয়াখালী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল জানান, “হঠাৎ বাসটি কেঁপে ওঠে এবং বিকট শব্দে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। মুহূর্তেই চারদিকে চিৎকার ও আর্তনাদ শুরু হয়।” তিনি আরও জানান, আহত প্রায় ৩০ জন নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক বলেন, “৪২ আসনের একটি বাসে আমাদের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। কুমিল্লার বাগমারা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে প্রায় ৩২ জন আহত হন।”
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী মো. শাহজাহান বলেন, “খুশির এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহতদের জন্য অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অনলাইন ডেস্ক :