প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার ব্ল্যাকমেইলে ৫০ কোটি টাকার অভিযোগ

অনলাইন ডেস্ক :

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরিচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে ‘জুলাই আন্দোলন’-সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভীই এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

তদন্তে আরও জানা গেছে, এই চক্রটি ইতোমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়।

 

অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত ছিলেন। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

 

পুলিশ জানিয়েছে, এই চক্রের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের সহযোগিতায় দ্রুতই পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট করুন